ইরানের লিডারশিপ কাউন্সিলে আলিরেজা আরাফিকে নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক : গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয় বিচারবিদ সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে।
রোববার (১ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের নতুন নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস।
অস্থায়ী লিডারশিপ কাউন্সিলে আলিরেজা আরাফি দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই-এর সঙ্গে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, খামেনির মৃত্যুর পর কে সিদ্ধান্ত নিচ্ছেন তা তিনি জানেন, তবে তা প্রকাশ করবেন না।
ইরানের নেতৃত্বে কাকে দেখতে চান এ প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়। কিছু ভালো প্রার্থী আছেন।’
খামেনির স্থলাভিষিক্ত কে হবেন এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে একসময় তারাই আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কাকে চাই।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159350