সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কারা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১ মার্চ) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতনে দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মো. শামসুর রহমান। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জেলা দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলির ছেলে মো. মহিবুর রহমান। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ওই কলেজছাত্রীর সঙ্গে মহিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ হয়। মহিবুর জানান, তিনি ফ্রান্সে আছেন এবং সেখানে তার অনেক বাড়ি ও সম্পদ আছে। নিয়মিত কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মহিবুর রহমান মেয়েটিকে জানান, বিয়ে করে ফ্রান্সে নিয়ে যেতে চান। কিছুদিন পর তিনি জানান, দেশে চলে এসেছেন। এরপর মেয়েটির সঙ্গে দেখা করেন। ওই বছরের ১১ নভেম্বর মহিবুর রহমান তার এক বন্ধুকে দিয়ে মেয়েটিকে ছাতক পৌর শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাঁকে একাধিকবার ধর্ষণ এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ ও ছবি তোলা হয়। মেয়েটি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন। মেয়েটি জানতে পারেন, মহিবুর রহমান প্রতারণা করেছেন, কখনো ফ্রান্সে ছিলেন না। মহিবুর আবারও তাকে হোটেলে যেতে বলেন। তখন মেয়েটি সব যোগাযোগ বন্ধ করে দেন। মহিবুর সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় মেয়েটি পরবর্তীতে পর্নোগ্রাফি আইনে ছাতক থানায় মহিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার বিচারকার্য শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159345