ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

ইরানে হামলা অব্যাহত থাকলে সারাদেশে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলা বন্ধ না হলে ইসরায়েলি পণ্য বয়কটেরও ঘোষণা দেন দলটির শীর্ষ নেতারা।

রোববার (১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এসব কথা বলেন জামায়াতের নেতারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে গিয়ে চালানো এই হামলা গণতন্ত্রের পরিপন্থী। তিনি বলেন, ‘নিজেদের মোড়ল ভাবলেও জাতিসংঘ ও ওআইসি কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে ব্যর্থ হলে বিশ্ববাসী একদিন তাদের প্রত্যাখ্যান করবে।’

তিনি আরও বলেন, ইরানে হামলা অবিলম্বে বন্ধ না হলে জামায়াতে ইসলামী আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সমাবেশে বক্তারা চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমান হত্যার তীব্র নিন্দা জানান। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান রফিকুল ইসলাম খান।

এ ছাড়া আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যার ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতিও আহ্বান জানান সমাবেশের বক্তারা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159340