বান্দরবানের লজ্জাবতী বানরটি ফিরে গেল পাহাড়ি জঙ্গলে

বান্দরবানের লজ্জাবতী বানরটি ফিরে গেল পাহাড়ি জঙ্গলে

বান্দরবানের লামা উপজেলার বনাঞ্চল থেকে ধরে আনা বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে আজ রোববার (১ মার্চ) বিকালে পাহাড়ি জঙ্গলে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

লামা বন বিভাগের সদর রেঞ্জ অফিসার কে এম কবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেঞ্জ অফিসার কে এম কবির বলেন, লজ্জাবতী বানরটি সুস্থ অবস্থায় ছিল। তিনি বলেন, আমরা আশা করছি, সে তার নিজ পরিবেশে স্বাধীন জীবন ফিরে পাবে।

গত শনিবার বিকালে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকা থেকে বানরটিকে ধরে নিয়ে আসেন রাসেল নামে একজন কাঠুরিয়া। খবর পেয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ অফিসার কে এম কবির উদ্দিন ও স্পেশাল টিমের রেঞ্জ অফিসার রনি পারভেজ অন্যান্য বন কর্মীদের নিয়ে গিয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নিয়ে আসেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে রূপসীপাড়া ইউনিয়নের মুরুংঝিরি এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান রাসেল। এক পর্যায়ে তিনি লজ্জাবতী বানরটিকে দেখতে পান। তাকে ধরতে গেলে বানরটি রাসেলকে কামড়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বানরটিকে ধরে ফেলেন এবং সন্ধ্যায় বানরটি লোকালয়ে নিয়ে আসেন। এসময় স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানতে পেরে বন বিভাগকে খবর দেন।

রেঞ্জ অফিসার কবির উদ্দিন বলেন, বিপন্ন ও বিরল প্রজাতির বানরটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।” তার ধারণা, লজ্জাবতী বানরটির বয়স ১০ থেকে ১২ বছর হতে পারে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159327