আর্সেনালের আরও কাছে ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি। ইল্যান্ড রোডে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ব্যবধান নামাল মাত্র দুই পয়েন্টে। ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১, ম্যানসিটির পয়েন্ট ৫৯।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। জানুয়ারিতে বোর্নমাউথ থেকে সিটিতে যোগ দেওয়া আন্তোনি সেমেনিও দুর্লভ এক সুযোগ কাজে লাগিয়ে চার গজ দূর থেকে বল জালে জড়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। রেলিগেশন লড়াইয়ে থাকা লিডস ১৫ ম্যাচে মাত্র তৃতীয় হার দেখল। ইল্যান্ড রোডের আলোয় এটি তাদের বিরল পরাজয়। ড্যানিয়েল ফার্কের দল এখনো অবনমন অঞ্চলের ওপর ছয় পয়েন্টে আছে।
সিটির শীর্ষ গোলদাতা আরলিং হালান্ড অনুশীলনে সামান্য চোট পাওয়ায় দলে ছিলেন না-নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে খেলতে পারেননি। তার জায়গায় একমাত্র পরিবর্তন হিসেবে খেলেন রায়ান চেরকি। অন্যদিকে অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ ড্র করা লিডস একই একাদশ ধরে রাখে। ম্যাচের শুরুতেই লিডস এগিয়ে যেতে পারত। তৃতীয় মিনিটে ব্রেন্ডেন অ্যারনসনের নিখুঁত ক্রস থেকে ডোমিনিক ক্যালভার্ট-লুইন গোলের সামনে থেকে বল বাইরে পাঠান। ১১ মিনিটে রেফারি পিটার ব্যাংকস সাময়িকভাবে খেলা থামান- রমজান উপলক্ষে সিটির মুসলিম খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দিতে।
এরপরও লিডস একাধিক সুযোগ পায়। জিয়ানলুইজি দোনারুমা জেমস জাস্টিনের শট ধরে ফেলেন, অ্যারনসন অল্পের জন্য বাইরে মারেন। উচ্চচাপের প্রেসিংয়ে লিডস বেশ কিছু সময় সিটিকে চাপে রাখে। প্রথমার্ধের শেষ দিকেছন্দ খুঁজে পায় ম্যানসিটি। অ্যারনসনকে এক-অন-ওয়ানে রুখে দেন দোনারুমা। নিকো ও’রাইলির হেড ভালোভাবে বাঁচান কার্ল ডারলো। অবশেষে যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) এলো কাঙ্খিত গোল। চেরকির দুর্দান্ত থ্রু বল ধরে বাঁ দিক দিয়ে ছুটে যান রায়ান আইত-নুরি। তার ক্রস থেকে সেমেনিও সহজ ফিনিশে সিটিকে লিড এনে দেন। বিরতির পরও লিডস লড়াই চালিয়ে যায়। ম্যাথেউস নুনেসের শেষ মুহূর্তের ব্লকে ক্যালভার্ট-লুইনের শট ঠেকানো না গেলে সমতা ফিরতে পারত। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। মার্ক গুইয়ের হেড দারুণ ভঙ্গিতে বাঁচান ডারলো। শেষদিকে বদলি জাকা বিজলের হেড অল্পের জন্য বাইরে গেলে লিডস সমর্থকদের হতাশা বাড়ে।
শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় ধরে রাখে সিটি- মৌসুমের ১৮তম লিগ জয়। শিরোপা দৌড়ে এখন উত্তেজনা তুঙ্গে। আর্সেনালের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে সিটি। অন্যদিকে লিডসের সামনে এখনো বেঁচে থাকার কঠিন লড়াই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159301