জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকি তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ লেগেই থাকতো। বিভিন্ন অজুহাতে বাকি তার স্ত্রীর কাছ থেকে টাকা-পয়সা দাবি করতো, টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। একইভাবে গতকাল শনিবার বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেয়। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে তা খালেদা বিবিকে ফেরৎ দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সাথে ঘরে প্রবেশ করে। পরে রাত আনুমানিক ৩টার দিকে সাহরি খাওয়ার জন্য তাদের বাসায় থাকা মৌসুমি কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে সে দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায় পরে রুমে এসে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে গ্রামবাসী ছুটে আসে এবং খালেদার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করে। পরবর্তীতে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ জানান, ঘরের ভিতর খালেদা বিবিকে ওড়না প্যাঁচানো অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159279