কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে টার্মিনাল–১ সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন কর্মী আহত হন, যার মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আহত ওই প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা না গেলেও বাংলাদেশ দূতাবাস তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। নিরাপত্তা বাহিনী পুরো বিমানবন্দর এলাকা ঘিরে ফেলে এবং সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানান, একটি ড্রোন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানে। পরে জরুরি প্রক্রিয়া অনুসরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এলাকা নিরাপদ ঘোষণা করা হয়। সরকার এ ঘটনাকে ‘কাপুরুষোচিত নাশকতা’ বলে নিন্দা জানিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
এদিকে পরিস্থিতির প্রেক্ষিতে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে অনুরোধ করেছে দূতাবাস। সামরিক স্থাপনার কাছাকাছি না যাওয়া, অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159261