জিতেও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

জিতেও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টিম হোটেলে নিউজিল্যান্ড দলের আবহ এখন কেমন, সেটি না বললেও চলছে। লঙ্কানদের সঙ্গে পরবর্তীতে দেখা হলে একটা ধন্যবাদ নিশ্চয় দিতে চাইবে কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজিয়ে যে স্যান্টনার-ফিলিপস-অ্যালেনদের সেমিফাইনালে তুলতে বড় সহায়তা করেছেন শানাকা-আসালাঙ্কা-রত্নায়েকেরা! 

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১২ রান করেছিল পাকিস্তান। জবাবে অধিনায়ক দাসুন শানাকার বীরত্বে (৩১ বলে অপরাজিত ৭৬) শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৭ রানে থামে।

নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে ৬৫ রানে জিততে হতো। কিন্তু মাত্র ৫ রানে জেতায় সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হলো। 

অথচ সাহিবজাদা ফারহান ও ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে এক পর্যায়ে বিনা উইকেটে ১৭৬ রান তুলে ফেলেছিল পাকিস্তান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তখন মনে হচ্ছিল, পাকিস্তানের সংগ্রহ অনায়াসে ২৩০ ছাড়িয়ে যাবে।

কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে পড়ে। শেষ ২৫ বলে ৮ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান যোগ করতে পারে দলটি।

এরপরও সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে থামাতে হতো। কিন্তু শাহিন আফ্রিদি, উসমান তারিক, শাদাব খানদের নির্বিষ বোলিংয়ে জিতেও হতাশ হতে হয় পাকিস্তানের সমর্থকদের।

শ্রীলঙ্কার পর পাকিস্তানেরও বিদায় নিশ্চিত হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি সব ম্যাচ ভারতে হবে। 

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ২১২/৮ (ফারহান ১০০, ফখর ৮৪; মাদুশঙ্কা ৩/৩৩, শানাকা ২/৪২, চামিরা ১/৪৮)। 

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৭/৬ (শানাকা ৭৬*, রত্নায়েকে ৫৮, মিশারা ২৬, আসালাঙ্কা ২৫; আবরার ৩/২৩, নেওয়াজ ১/২১, নাসিম ১/৩৬, আফ্রিদি ১/৪৮)। 

ফল: পাকিস্তান ৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159258