বগুড়ার নন্দীগ্রামে ব্যাটারি গলিয়ে সীসা তৈরির অবৈধ কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ী-রনবাঘা এলাকাস্থ তামান্না এন্টারপ্রাইজ নামক একটি পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬(গ) ও দন্ড ১৫(১) এর ক্রমিক নং-০৬ ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের দায়ে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এই জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, এরকম যত্রতত্র খোলা জায়গায় অবৈধভাবে ব্যাটারি থেকে সিসা গলানো, এসিড মিশ্রিতপানি পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ যা জনজীবন, জীব বৈচিত্র, কৃষি উৎপাদনসহ পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরুপ প্রভাব ফেলে। এ ধরণের অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159233