রাজশাহীতে আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন বিএনপি নেতাকর্মীরা
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় ভাঙ্গা কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন লেখা একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্যানারটি খুলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। তবে পুলিশ বলছে, রাতে কোনো এক সময় সংগঠনের নেতাকমীরা ব্যানারটি টাঙিয়ে দেন।
বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া থানা পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু বলেন, ব্যানার টানানোর খবর পেয়ে সেখানে যাই। এরপর পাশেই একটি ক্যামেরার দোকান থেকে কারা লাগিয়েছে তা দেখার চেষ্টা করলাম। দুই তিনজনকে ব্যানার লাগাতে দেখা গেলেও তাদের চেহারা স্পষ্ট না। এরপর সঙ্গে থাকা লোকজন সেটিকে ছিঁড়ে ফেলে। পরে তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলি।
অভিযোগ উঠছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও পলাতক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী শামসুজ্জামান আওয়াল সম্প্রতি মামলায় জামিন পেয়ে নগরীতে অবস্থান করছেন।
তিনি আর্থিক সহায়তা দিয়ে মহানগর আওয়ামী লীগকে পুন:প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন। তারই মদদে কুমারপাড়ায় ধ্বংসপ্রাপ্ত মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই ব্যানার টাঙানো হয় বলে ধারণা করা হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, রাতের ব্যানারটি টাঙিয়ে রাখা হয়েছে। কারা টাঙিয়েছে তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি।
তবে রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে প্রকাশ্যে ব্যানার টাঙানো আইনশৃঙ্খলার জন্য স্পষ্ট চ্যালেঞ্জ। তাদের মতে, এ ধরণের ঘটনা রাজনৈতিক উত্তেজনা উসকে দিতে পারে। তাই প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি।
একইসাথে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ পরিস্থিতি শান্ত রাখতে সহায়ক হবে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159225