রংপুরে অবৈধভাবে টিসিবি পণ্য গুদামজাত, ডিলার গ্রেফতার

রংপুরে অবৈধভাবে টিসিবি পণ্য গুদামজাত, ডিলার গ্রেফতার

রংপুর প্রতিনিধি: টিসিবি পণ্য ভোক্তাদের মাঝে বিক্রি না করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে গুদামজাত করার অপরাধে ডিলার রুবেল হোসেনকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দুপুরে রংপুর নগরীর আলমনগর খেড়বাড়ি এলাকার পাট অধিদপ্তরের একটি পরিত্যাক্ত ভবন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও নগর গোয়েন্দা পুলিশ নগরীর আলমনগর খেড়বাড়ি এলাকার পাট অধিদপ্তরের একটি পরিত্যাক্ত ভবনে অভিযান চালিয়ে ৬১৩ কেজি মুসুর ডাল, চিনি ১৫০ কেজি, ছোলা ১৫০ কেজি, খেজুর ৭০ কেজি ও সোয়াবিন তেল ১৬২ লিটার উদ্ধার করা হয়। এসময় টিসিবির ডিলার রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ডিলার রুবেল টিসিবির এসব পণ্য ট্রাকসেলের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রি না করে অবৈধভাবে পাট অধিদপ্তরের একটি পরিত্যাক্ত ভবন লিজ নিয়ে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, ডিলার রুবেল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকসেলের পণ্য ভোক্তাদেরদের মাঝে সম্পূর্ণ বিক্রি করতে হবে। পণ্য অবৈধভাবে গুদামজাত করার কোন সুযোগ নেই।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159206