ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। ওইদিন সকালে একযোগে কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ৩ মার্চ থেকে ১২ মার্চ এবং এর পরবর্তী ঈদপূর্ববর্তী যেকোনো দিনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ডিজিটাল সেবা বাড়াতে এবারও কাউন্টারের পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আসন নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।

ভাড়ার বিষয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত তালিকার বাইরে বাড়তি কোনো টাকা আদায়ের সুযোগ নেই। অনলাইন বা অফলাইন-সবখানেই নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে যাতে যাত্রীরা প্রতারিত না হন।

বিশেষ করে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন টার্মিনাল ও কাউন্টারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনো প্রকার অনিয়ম বা বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159198