দিনাজপুরে বউবাজারে জমে উঠেছে ঈদের বেচা-কেনা

দিনাজপুরে বউবাজারে জমে উঠেছে ঈদের বেচা-কেনা

দিনাজপুর জেলা প্রতিনিধি: অতিবাহিত হয়েছে রোজার ১০ দিন। গতকাল শুক্রবার বউ বাজারের উপচে পড়া ভিড় জানান দিলো, ঈদ যেনো ঘনিয়ে আসছে। ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বিপনি-বিতানগুলোতে গত বৃহস্পতিবার পর্যন্ত তেমন ভিড় পরিলক্ষিত না হলেও গতকাল শুক্রবার বেশ জমে উঠেছে দিনাজপুর শহরের বউ বাজার।

গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নিজেদের বাড়তি আয়ের জন্য ও স্বল্প-নিম্ন আয়ের ক্রেতাদের চাহিদা মেটাতে দিনাজপুরে পরিচালিত হয় ব্যতিক্রমধর্মী এই বউ বাজার। দোকান কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে শুধু নারীদের জন্য বসা এই বউ বাজার দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর ঈদকে সামনে রেখে উপচে পড়া ভিড় জমেছে বউ বাজারে।

মূলত নারীরা এই বাজারে কাপড় কিনতে আসেন বলেই এই বাজারের নাম রাখা হয়েছে বউ বাজার। শুধু মেয়েদের জন্য কম দামে বিভিন্ন প্রকার কাপড় বিক্রি করেন দোকানিরা। তবে বর্তমানে এখানে শুধু মেয়েদের কাপড় নয়, জুতা, স্যান্ডেলসহ ছেলেদের পোশাকও পাওয়া যায়। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের মালদহপট্টি,  চুড়িপট্টি ও বাসুনিয়াপট্টি এলাকায় রাস্তার দু’ধারে বসে এই বউ বাজার।

এখানকার দোকানের যিনি মালিক তিনি কোনও না কোনও দোকানের কর্মচারী। আর ছুটির দিনে এসব দোকানের কর্মচারীদের দ্বারা পরিচালিত বাজারে ক্রেতারা স্বল্পমূল্যে তাদের পছন্দনীয় পণ্য পাচ্ছেন, পাশাপাশি দোকান কর্মচারীদেরও হচ্ছে বাড়তি আয়। উন্নতমানের দোকানে যেসব কাপড় পাওয়া যায়, সেই কাপড়ই এই বাজারে পাওয়া যায় অথচ কম মূল্যে। ফলে দিনে দিনে এই বউ বাজার ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

 বউ বাজারে কাপড় কিনতে আসা বিরল উপজেলার মমতাজ বেগম বলেন, সামনে ঈদ, তাই পরিবারের জন্য এখানে কেনাকাটা করতে এসেছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাজার। আমার জন্য শাড়ি, থ্রি-পিস, ওড়না নিয়েছি। আর আমার দুই ছেলের জন্য শার্ট, প্যান্ট এবং বরের জন্য লুঙ্গি নিয়েছি।

এখানে কম দামে পাওয়া যায়। এই বউ বাজার আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেক সুবিধা। বিক্রেতারা বলেন, এই বউ বাজার প্রতি ছুটির দিনে জাঁকজমকভাবে পরিচালিত হয়। সাধারণ বাজারের চেয়ে এই বাজারে কম মূল্যে কাপড় পাওয়ায় সব শ্রেণির লোকজন এখানে আসে। বর্তমানে ঈদের বাজার, তাই প্রচুর বিক্রি হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159195