হবিগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিলা চুরি

হবিগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিলা চুরি

হবিগঞ্জ শহরের একটি বাসা থেকে কষ্টিপাথরের গিরিধরী শিলা চুরির ঘটনা ঘটেছে। দাবি করা হচ্ছে, শিলাটির মূল্য কোটি টাকারও বেশি। জেলা সদরের পুরান বাজার এলাকায় অবস্থিত হবিগঞ্জের সাবেক সিভিল সার্জন সুচিন্ত চৌধুরীর বাসার দ্বিতীয় তলা থেকে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিলাটি চুরি হয়।

চিকিৎসক সুচিন্ত চৌধুরী ঢাকায় অবস্থান করায় বাসাটি তত্ত্বাবধানে ছিলেন তার ভাতিজা বিশ্বজিৎ চৌধুরী। ঘটনার রাতে তিনি রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় তলায় উঠে দেখেন, ঘরের মালামাল এলোমেলো এবং পূজার স্থানে রাখা কষ্টিপাথরের গিরিধরী শিলাটি নেই। এ সময় লোক জড়ো করতে বাইরে বের হলে এক ব্যক্তি বাসার পেছন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রায় ৪৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের গিরিধরী শিলাটি (যা শ্রীকৃষ্ণের রূপে পূজিত হতো) চোর নিয়ে গেছে।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্বজিৎ চৌধুরী হবিগঞ্জ সদর মডেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন। তিনি জানান, প্রত্নতাত্ত্বিক দৃষ্টিতে প্রায় ১২০ বছরের পুরোনো এই শিলাটির মূল্য এক কোটি ২৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অভিযোগের তদন্ত চলছে। শিলাটি উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159180