সেমিফাইনালে খেলতে আজ যা করতে হবে পাকিস্তানকে

সেমিফাইনালে খেলতে আজ যা করতে হবে পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক : শুক্রবার কলম্বোয় টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে রইল পাকিস্তানের।

সমীকরণ ছিল এমন-নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারায়, বিদায় নিশ্চিত হবে পাকিস্তানের। শুধু ইংল্যান্ডের জয়ই পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখতে পারবে। সেটা হয়ে যাওয়ায় আজ শনিবার পাল্লেকেলেতে পাকিস্তান নামবে সেমিতে চোখ রেখে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সুপার এইটের গ্রুপ টু থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে আরেকটি জায়গার লড়াই এখন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। নিউজিল্যান্ড এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে, পয়েন্ট ৩। পাকিস্তান দুই ম্যাচ খেলে পয়েন্ট ১। সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। তবে স্রেফ জয়ই সালমান আগাদের জন্য যথেষ্ট নয়। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়, তাদেরও পয়েন্ট হবে নিউজিল্যান্ডের মতো তিন। দুই দলের পার্থক্য নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে। এই মুহূর্তে রান রেটে এগিয়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের রান রেট ঋণাত্মক ০.৪৬১, আর নিউজিল্যান্ডের ধনাত্মক ১.৩৯০।

রান রেটের দিক থেকে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকতে হলে পাকিস্তানকে আজ বড় ব্যবধানে জিততে হবে। আর সেটি হচ্ছে-আগে ব্যাট করলে জিততে হবে ন্যূনতম ৬৪ রানে, আর পরে ব্যাট করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। পাকিস্তান জিতল, কিন্তু নির্দিষ্ট ব্যবধানে জিতল না-তাহলে নিউজিল্যান্ডই সেমিফাইনালে উঠবে। আর সালমানরা হারলে তো পয়েন্টে এগিয়ে থাকাতেই শেষ চারে জায়গা করবে কিউইরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159149