জয়পুরহাটের আক্কেলপুরে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুর উপজেলার তিলকপুর বেড়াগ্রাম রাস্তার বয়েজের পুল নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাঈম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন আক্কেলপুর উপজেলার তিলকপুর নুরনগর গ্রামের মৃত নইনুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত নাঈম হোসেন ইন্টারনেটের ব্যবসা করতেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি তিলকপুর বাজার থেকে রাইকালী বাজারের দিকে যাচ্ছিলেন। বেড়াগ্রাম রাস্তার বয়েজের পুল নামক স্থানে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তার একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যান।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা নিহতের বিষয়টি নিশ্চত করেন। কোন অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159087