বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি উৎপাদনে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার ওমরপুর হাট ও রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের শুরুতে ওমরপুর হাটে বাজার তদারকি করা হয়। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে নির্ধারিত মূল্যের অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পরে উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ছাড়া দই-মিষ্টি উৎপাদন এবং বিক্রির অপরাধে হাবিবা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, বাজারে মূল্য স্থিতিশীল রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159079