গাজীপুরে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আগুন

গাজীপুরে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আগুন

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। এই অবস্থায় চালক বাসটি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘর্ষণের ফলে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাসটির বেশির ভাগ পুড়ে যায়।

দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, ‘সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে কোনো দগ্ধ ব্যক্তিকে পাইনি।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159039