যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ংয়ের প্রতি শত্রুতামূলক নীতি পরিত্যাগ করতে হবে : কিম
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমার বাহিনী চাইলে দক্ষিণের প্রতিবেশীকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে কিম ইঙ্গিত দিয়ে বলেছেন, কোনো বিষয়ে সংলাপ করতে চাইলে যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ংয়ের প্রতি ‘শত্রুতামূলক’ নীতি পরিত্যাগ করতে হবে। ওয়াশিংটন যদি ‘সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান অবস্থানকে সম্মান করে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে না ওঠার কোনো কারণ নেই। বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) বৈঠক শেষে কিম এসব কথা বলেছেন।
এছাড়া বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তাদের প্রতিবেদনে বলেছে, কিম তার পারমাণবিক অস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। কিম এদিন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু করতে সক্ষম আর্টিলারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158971