পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। মামলাগুলো হলো-বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতের পরিবারের সদস্যরা বাদি এবং ফতুল্লা মডেল থানায় দায়ের করা। 

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এবং ভুঁইগড়, দেলপাড়া এলাকায় গুলিতে নিহত হন বিভিন্ন বয়সী এ চারজন। অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদি হয়ে করেছে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’-এ গত ৮ মে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ কারণে পুলিশ গত ১২ মে এই মামলা করা হয়। আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158960