সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

স্পোর্টস ডেস্ক : দুই দলের দ্বৈরথ ঐতিহাসিক। মাঠে কেউ কেউকে একচুলও ছাড় দিতে রাজি নয়। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের কোনো খেলোয়াড়ের প্রশংসা করতে তো আর বাধা নেই। এমনকি রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়কে নিজেদের দল বার্সেলোনাতে দেখারও ইচ্ছা পোষণ করেছেন কাতালান ক্লাবটির তারকা মিডফিল্ডার পেদ্রি। 

সম্প্রতি স্প্যানিশ একটি টক শো প্রোগ্রাম এল হরমিগুয়েরো’তে হাজির হন বার্সেলোনার দুই ফুটবলার ফেরান তোরেস ও পেদ্রি। ফুটবল সহ নানান বিষয় নিয়ে আলাপ করেন দুই স্প্যানিশ তারকা ফুটবলার। টক শোতে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের ভূয়সী প্রশংসা করেন পেদ্রি ও তরেস। সুযোগ থাকলে নাকি ফরাসি তারকাকে বার্সাতে নিয়ে আসতেন পেদ্রি।

পেদ্রি বলেন, ‘যদি আমি একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়কে বার্সেলোনায় আনতে পারতাম, তাহলে সেটি হতো কিলিয়ান এমবাপে।’ বার্সায় স্ট্রাইকার পজিশনেই খেলেন তরেস। এরপরও একই জায়গায় খেলা এমবাপেকে কাতালান ক্লাবটিতে দেখতে চান তিনিও।

এমবাপে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে ৯২ ম্যাচে ৮২ গোল করেছেন। এরমধ্যে গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিকও রয়েছে। ওই ম্যাচে লস ব্লাঙ্কোসরা ৪-২ গোলে হারলেও চেষ্টার কোনো কমতি রাখেননি এমবাপে। রিয়ালের তিনটি গোলই আসে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের নৈপুণ্যে, ওই ম্যাচে ভাঙেন ৩৩ বছরের পুরোনো একটি রেকর্ডও। বার্সার রক্ষণভাগকে ভালোই ভুগিয়েছেন তিনি। এমন একজন খেলোয়াড়কে নিজেদের দলে কে না পেতে চাইবে।

বার্সায় ফ্লিকের কড়াকড়ি নিয়ম নিয়েও কথা বলেন পেদ্রি-তরেস। অনুশীলনে দেরি করায় প্রায়ই  জার্মান এই কোচের রোষাণলে পড়তে হয় খেলোয়াড়দের। জুলস কুন্দে, মার্কাস রাশফোর্ড ও ইনাকি পেনা নাকি দলের মিটিংয়ে দেরি করায় ফ্লিকের অন্য রূপ দেখেন। দেরি হলে তারা শুরুর একাদশ থেকে বাদ পড়ার নিয়ম তো আছেই, পাশাপাশি শৃঙ্খলায় হেরফের হলেই নাকি জরিমানাও গুনতে হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158942