বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ
স্পোর্টস ডেস্ক : নিরাপত্তাশঙ্কায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। আপাতত ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যস্ত তারা ।
তবে এর মাঝেই কোনো ম্যাচ না খেলেও র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাইফ হাসান, জাকের আলি, পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন ব্যাটারের। ২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট তার নামের পাশে।
এছাড়া সাইফ হাসান ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২ ও জাকের আলি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭২তম স্থানে উঠে এসেছেন। এই তিন ব্যাটার ছাড়া আর কারও ইতিবাচক পরিবর্তন নেই। তানজিদ হাসান তামিম ১ ধাপ পিছিয়ে ২১, লিটন কুমার দাস ১ ধাপ পিছিয়ে ৫৪তম স্থানে নেমেছেন। আর ৪৭ নম্বরে অপরিবর্তিত আছেন তাওহিদ হৃদয়।
বোলিং র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া শেখ মেহেদি হাসান ৪ ধাপ পিছিয়ে ২১, রিশাদ হোসেন ৭ ধাপ পিছিয়ে ২৭, নাসুম আহমেদ ৩ ধাপ পিছিয়ে ৩৫, তানজিম হাসান সাকিব ৫ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে নেমে গেছেন।
এছাড়া শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ৬৩ ও তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন। হাসান মাহমুদ ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৯১ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায় সেরা চল্লিশে নেই বাংলাদেশের কেউ। ১ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন শেখ মেহেদি হাসান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158941