৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর

৭ মাস পর শুটিংয়ে ফিরলেন নিলয় আলমগীর
বিনোদন ডেস্ক : দীর্ঘ সাত মাসের বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরলেন নিলয় আলমগীর। গত সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি।
 
 
নভেম্বরে সেখানেই প্রথম সন্তানের বাবা হন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে নিজেই কন্যাসন্তানের খবর জানিয়েছিলেন নিলয়। তাদের মেয়ের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ।
 
 
১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর দুই দিন বিশ্রাম নিয়ে গত রবিবার থেকেই নতুন নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি লিখেছেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা করছেন নাজমুল রনি। ঢাকার উত্তরায় চলছে এর শুটিং।
 
 
পরিচালকের ভাষ্য, নাটকটি একটি কমেডি গল্প, যেখানে হাস্যরসের পাশাপাশি থাকবে সামাজিক বার্তা। ঈদ উপলক্ষে দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। এ নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে থাকছেন নীলাঞ্জনা নীলা।
 
খুব বেশি নাটকে একসঙ্গে দেখা না গেলেও এবার নতুন জুটিতে হাজির হচ্ছেন তারা।
 
 
এদিকে এই নাটকের কাজ শেষ করেই টানা আরো দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়। সেই নাটক দুটিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকবেন জান্নাতুল সুমাইয়া হিমি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158889