ফরিদপুরে মিল শ্রমিকের পায়ুপথে হাওয়া দিয়ে হত্যা

ফরিদপুরে মিল শ্রমিকের পায়ুপথে হাওয়া দিয়ে হত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় অবস্থিত জনতা জুট মিলে পায়ুপথে হাওয়া দিয়ে সজিব শরীফ (১৩) নামে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সজিবের বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামে। অভিযুক্ত শ্রমিকের নাম রিহাদ (১৩), যার বাড়ি বোয়ালমারী ইউনিয়নের রামনগর গ্রামে। ঘটনার পর থেকে রিহাদ পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে কাজ শেষে হাওয়ার মেশিন দিয়ে মিলের আঙিনা পরিষ্কার করছিল সজিব ও রিহাদ। একপর্যায়ে রিহাদ সজিবের পায়ুপথে হাওয়া দেয়। এতে সজিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে মিল কর্তৃপক্ষ তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার সন্ধ্যায় অস্ত্রোপচারের পর রাতে তাঁর মৃত্যু হয়।

সজিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সকালে দাদপুর গ্রামের কয়েকশ মানুষ জুটমিলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের ফাঁসি দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অভিযুক্ত রিহাদ পলাতক থাকায় তাঁকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ তাঁকে ধরতে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সজিব ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। শাহবাগ থানা পুলিশ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158867