বগুড়ার দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

বগুড়ার দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক অটোভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে মোজাম উদ্দিন শাহ দীর্ঘদিন যাবত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো ঘটনার দিন গতকাল মঙ্গলবার বিকেলে তিনি তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে আর বাড়ি ফিরেননি। পরের দিন আজ বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগরের বড়িয়া খড়ার ব্রিজের পাশে ধান ক্ষেতের পানির মধ্যে তার লাশ এলাকাবাসী দেখতে পান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আদমদীঘি সার্কেল আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে যান। তারা প্রাথমিকভাবে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশের মাথায় আঘাতের চিহ্ন ও নাক দিয়ে রক্ত বের হতে দেখা যয়। ধারণা করা হচ্ছে দুষ্কিৃতিকারীরা তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে জিয়ানগর বাজার থেকে থেকে প্রায় এক কিলোমিটার দূরে বড়িয়া খড়ার ব্রিজের পাশে জমির ধানের পানির মধ্যে ফেলে রেখে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, শুধু ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে না আগের কোন শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে, পুলিশ সে বিষয়গুলোতে লক্ষ্য রেখে তদন্ত করছে। পুলিশ ছাড়াও বিভিন্ন সংস্থা এই হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158841