শহিদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহিদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, বনানী সামরিক কবরস্থানে বীর শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই শহিদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর তারা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158828