সন্ত্রাসীদের কোন দল নেই তারা যে দলের হোক আইনের আওতায় আসতে হবে - এমপি মহিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, রাজনৈতিক কিংবা সামাজিকভাবে কোন মিথ্যা মামলায় মানুষ আর হয়রানি হবে না। ভালকে ভালো আর খারাপকে খারাপ বলতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন।
তিনি এ আসনে মাদক, চুরি ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস বা মব সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করার আহবান জানিয়ে আরো বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই তারা যে দলের হোক আইনের আওতায় আসতে হবে। তিনি উপজেলা বিভিন্ন দপ্তরের নানা সমস্যার কথা শোনার পর তা সংসদ অধিবেশনে উপস্থাপনের মাধ্যমে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদমদীঘি উপজেলা সভাকক্ষে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, পল্লী বিদুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী রিপন কুমার রায়, ওসি জিআরপি হাবিবুর রহমান, আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম মন্ডল, আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাংবাদিক জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যন গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158785