বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ

বিশ্বকাপ অভিষিক্ত নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ দিয়ে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরুর দারুণ সুযোগও তাই থাকছে নিগার সুলতানা, শারমিন আক্তারদের সামনে।

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াই চলার মধ্যেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আইসিসি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ছাড়া আছে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সবশেষ দুই আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা এবং উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান।

‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড, প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ২০১৬ আসরের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

টুর্নামেন্টের প্রাথমিক গ্রুপিং করা হয়েছিল আগেই। এই মাসের শুরুতে নেপালে বাছাইপর্ব শেষ হওয়ার পর সবগুলিকে গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়। বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। বাছাইয়ে রানার্স আপ হয়ে আয়ারল্যান্ড, তৃতীয় হয়ে স্কটল্যান্ড ও চতুর্থ স্থানে থেকে নেদারল্যান্ডস যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে খেলার।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর জুন-জুলাইয়ে হবে ইংল্যান্ডে। উদ্বোধনী দিনে এজবাস্টনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংলিশরা।

শুরুর দিনে ম্যাচ ওই একটি। পর দিনই খেলা আছে তিনটি। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন এজবাস্টনে। এই ম্যাচের প্রতিপক্ষ ডাচ মেয়েদেরকে বাছাইয়ে ৭ উইকেটে হারায় নিগার সুলতানার দল। একই দিনে একই মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তানও।

১৭ জুন দ্বিতীয় ম্যাচে হেডিংলিতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। হ্যাম্পশায়ারে পাকিস্তানের সঙ্গে লড়াই ২০ জুন। এই ম্যাচটিতেও জয়ের বাস্তব সম্ভাবনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

পরের ম্যাচ ভারতের বিপক্ষে ২৫ জুল ওল্ড ট্র্যাফোর্ডে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ক্রিকেট তীর্থ লর্ডসে ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

গ্রুপ পর্বের শেষ দিনও সেটিই। ৩০ জুন ও ২ জুলাই দুটি সেমি-ফাইনাল ওভালে। ৫ জুলাই লর্ডসে শিরোপার লড়াই।

এবার নিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। প্রথমবার ছিল স্বাগতিক হিসেবে, পরের প্রতিবার বাছাই পেরিয়ে। তবে মূল আসরে কোনোবারই গ্রুপ পর্ব উতরাতে পারেনি তারা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158760