বগুড়ার দুপচাঁচিয়ায় সরিষার বাম্পার ফলন, মাঠজুড়ে সোনালী সমারোহ

বগুড়ার দুপচাঁচিয়ায় সরিষার বাম্পার ফলন, মাঠজুড়ে সোনালী সমারোহ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। এরই মাঝে কৃষকরা সরিষা কাটা-মাড়াই শুরু করেছেন। সরিষার বাম্পার ফলন দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার সোনালী শীষ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য থাকলেও চাষ করা হয়েছে ৩ হাজার ৪৬০ হেক্টর জমিতে। এবার এ সরিষা মৌসুমে শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় প্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক সঠিক সময়ে পাওয়াই কৃষকরা সরিষা চাষে কোনো সমস্যায় পড়েননি। বীজ বপণ পরিচর্যা সব মিলিয়ে মাঠে-মাঠে কৃষকের সোনালী সরিষার সমারোহ এখন দর্শনীয় হয়ে উঠেছে।

এরই মাঝে অনেক কৃষক সরিষা কাটা-মাড়াই শুরু করেছেন। গোবিন্দপুর গ্রামের শামছুজ্জামান সালাম, মোড়গ্রামের কৃষক সাখাওয়াত হোসেন মল্লিক, আব্দুল মোমেন মল্লিক, শহিদুল প্রামানিক, শাহজাহান আলী মাস্টার, মোখলেছ প্রামানিক, শেরপুর গ্রামের উজ্জল হোসেন ও আলাউদ্দিন শাহসহ অনেকেই জানান, কৃষি অফিসের পরামর্শে যথাযথভাবে পরিচর্যা করায় জমিতে সরিষার ভালো হয়েছে। ইতিমধ্যে সরিষা কাঁটতে শুরু করেছেন।

বিঘা প্রতি ৫ থেকে সাড়ে ৫ মণ সরিষা পাচ্ছেন। বর্তমান বাজারে শুকনা সরিষা ২ হাজার ৮শ’ টাকা মণ ও কাঁচা ২ হাজার ৩শ’ টাকা মণ ধরে বেচাকেনা হচ্ছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

ধান কাটা মাড়াই শেষ হতে দেরি হওয়ায় সরিষার আবাদ কিছুটা কম হয়েছে। উপজেলায় ৩ হাজার ৪৬০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। ভালো মানের বীজ জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় প্রদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছে।

রোগবালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য নিয়মিত পরামর্শ ও মাঠ পর্যায়ে সহায়তা দেওয়া হয়েছে। ফলে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। এরই মাঝে যেসব এলাকা সরিষা পেকে মাঠ সোনালি রঙ ধারন করেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158694