‘ক্যাকটাস’ নিয়েই ব্যস্ত প্রীতম হাসান

‘ক্যাকটাস’ নিয়েই ব্যস্ত প্রীতম হাসান

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের সবচেয়ে আলোচিত সঙ্গীতশিল্পী প্রীতম হাসান গানে গানে যেমন শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন ঠিক তেমনি অভিনয় দিয়েও তিনি দর্শকের মাঝে প্রায়ই মুগ্ধতা ছড়ান।

যারা প্রীতম হাসানের অভিনয়ে মুগ্ধ তাদের জন্যই আবারো তিনি নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে এবারের ঈদে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। ওয়েব সিরিজের নাম ‘ক্যাকটাস’। এটি রচনাও পরিচালনা করছেন গুনী নির্মাতা শিহাব শাহীন। বিগত বেশকিছুদিন যাবত ‘ক্যাকটাস’-এর কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। আরো কয়েকদিন এই ওয়েব সিরিজের কাজেই ব্যস্ত থাকবেন তিনি।

প্রীতম হাসান বলেন,‘ সাধারনত দর্শক এর আগে আমাকে অভিনয়ে যেমনটা দেখেছেন ঠিক এর বাইরে দেখবেন এই ওয়েব সিরিজে। শুধু এতোটুকু বলা যায় ০০৭-এর একটা ভাইভ থাকবে এই ওয়েব সিরিজে। আমার চরিত্রটি একেবারেই অন্যরকম। যা আপাতত ডিটেইল আমি বলতে পারছিনা। কিন্তু আমি অনেক অনেক আশাবাদী কাজটি নিয়ে। আর যেহেতু এবারই প্রথম মেহজাবীন চৌধুরীর সঙ্গে আমার অভিনয় করা হচ্ছে সে কারণে প্রত্যাশা আরো একটু বেশি। এরইমধ্যে ওয়েব সিরিজের বেশিরভাগ অংশেরই কাজ সম্পন্ন হয়েছে। আরো বেশকিছুদিন আমাদের শুটিং করতে হবে। শিহাব ভাই যথারীতি অনেক যত্ন নিয়ে ভীষণ শ্রম দিয়ে কাজটি করছেন। আমরাও যারা এতে কাজ করছি শতভাগ মনোযোগ দিয়েই কাজটি করছি। সহশিল্পী হিসেবে মেহজাবীন চৌধুরী ভীষণ সহযোগিতা পরায়ণ।’

এ সিরিজে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম। এদিকে প্রীতম হাসান জানান আগামী ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত এমন একটি সিনেমারও গানের কাজ করবেন তিনি। কিছুদিনের মধ্যেই সিনেমাটির কাজে হাত দিবেন তিনি। শাকিব খান অভিনীত সিনেমায় গান গেয়েই এই সময়ে আলোচনার শীর্ষে রয়েছেন প্রীতম হাসান। ‘তুফান’ সিনেমার ‘রাঘে উড়াধুরা’, ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ ও ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা চাঁদ মামা’ প্রীতম হাসানকে একজন গায়ক হিসেবে এই গানগুলো আকাশচুম্বী তারকা’খ্যাতি এনে দিয়েছে। এই গানগুলোর কারণে দেশে বিদেশে তার স্টেজ শো’র সংখ্যাও বেড়েছে বহুগুনে। স্টেজ শোতে চাহিদার শীর্ষে রয়েছেন তিনি। সর্বশেষ শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘কাছের মানুষ দূরে থুইয়া’তেও অভিনয়ে মুগ্ধ করেছিলেন প্রীতম হাসান। এটি চরকিতে প্রচারিত হয়েছিলো, ‘ক্যাকটাস’ও চরকিতে প্রচার হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158684