অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক পদে পৌনে ৭৯ হাজার আবেদন
বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সুপার পদে এ পর্যন্ত আবেদন করেছেন প্রায় পৌনে ৭৯ হাজার প্রার্থী। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এসব পদে আবেদন নেওয়া হবে। সেক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা এক লাখ ছাড়াতে পারে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র এ তথ্য নিশ্চিত করে। এনটিআরসিএ সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানের ১৩ হাজার ৫৫৯টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৫ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়। এ পর্যন্ত ৭৮ হাজার ৭১১টি আবেদন জমা পড়ে।
কোন পদে কত আবেদন
ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদের সংখ্যা ২০২টি। এর বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ২৩৩টি। কামিল মাদরাসার ৩৪টি অধ্যক্ষের পদের বিপরীতে আবেদন পড়েছে ৫৩৩টি। আলিম মাদরাসায় অধ্যক্ষের পদ ২১৯টি। বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৫১৮টি।
ডিগ্রি (পাস) কলেজে ৫৮৪টি অধ্যক্ষের পদের বিপরীতে আবেদন পড়েছে ৫৫০টি। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ৫১১টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৬৩০টি।
স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ২৫৭টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ১৮০টি। এইচএসসি বিএম কলেজে অধ্যক্ষ পদ সংখ্যা ১১০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৭১২টি। ফাজিল মাদরাসায় ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে ৩৪৩টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৯৯৫টি। কামিল মাদরাসায় ৫৩টি ভাইস প্রিন্সিপালের পদের বিপরীতে আবেদন পড়েছে ৩৯০টি।
আলিম মাদরাসার ভাইস-প্রিন্সিপালের ৩৭৭টি পদের বিপরীতে আবেদন করেছেন ৭২৫ জন। ডিগ্রি (পাস) কলেজে ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে ৬২৮টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৬ হাজার ৮২টি।
দাখিল মাদরাসায় সুপারিন্টেনডেন্ট পদ রয়েছে ৮৯৯টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৬৪৫টি। এসএসসি ভোকেশনাল মাদরাসায় সুপারিন্টেন্ডেন্ট পদ ৪০টি। আবেদন করেছেন ৪৯২ জন।
দাখিল মাদরাসায় এক হাজার ৪টি সহকারী সুপারিন্টেন্ডেন্ট পদের বিপরীতে আবেদন করেছেন ২ হাজার ৯৮৭ জন। সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক পদ ৩ হাজার ৯২৩টি। আবেদন করেছেন ১৯ হাজার ৮৩৮ জন।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, আবেদন সংখ্যা এক লাখ বা তার বেশি হবে বলে ধারণা করছি। আমরা আবেদন প্রক্রিয়া শেষে পরীক্ষার দিন-তারিখ জানাবো। তবে এপ্রিলের মাঝামাঝি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। সম্ভব হলে তা আরও এগিয়ে আনা হতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158682