বগুড়ার ধুনটে নেশার টাকার জন্য বাবা-ছেলেকে হত্যাচেষ্টা
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজু মিয়া (২৩) নামে মাদকাসক্ত এক যুবকের ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জান এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি রাজু মিয়া উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকাসক্ত রাজুর নির্যাতন সইতে না পেরে ৬ মাস আগে কোলের শিশু ছেলে সন্তানকে রেখে তার স্ত্রী সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এছাড়া মাদকদ্রব্য কেনার জন্য প্রায়ই বাবার কাছে টাকা দাবি করে রাজু মিয়া। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকার করলে বাবা ও শিশু সন্তানকে হত্যাচেষ্টা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে সে।
এ অবস্থায় মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে অসহায় বাবা বেলাল হোসেন উপজেলা নির্বাহী অফিসারসহ আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। মাদকদ্রব্য সেবনের ধারাবাহিকতায় আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাড়িতে বসে ইয়াবা ট্যাবলেট সেবন করতে থাকে রাজু মিয়া।
এসময় সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজু মিয়ার বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি রাজু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান জানান, মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158658