বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের পাঠশালা উদ্বোধন
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পাঠশালা চালু করেছে ছাত্রদল। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের স্টেশনসংলগ্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু করেন নেতৃবৃন্দ।
কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে ফিতা কেটে পাঠশালাটির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। এসময় তারা বলেন, এখন থেকে সপ্তাহে তিন দিন এই পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করা হবে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পাঠদান করাবেন সরকারি আজিজুল হক কলেজ, মুজিবুর রহমান মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতৃবৃন্দ। তারেক রহমানের বাংলাদেশে কেউ যেন পিছিয়ে না থাকে সেই লক্ষ্য নিয়েই তারা প্রাথমিকভাবে স্বল্প পরিসরে এই যাত্রা শুরু করলেও আগামীতে শিশু অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সুশিক্ষা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হবে।
পাঠশালা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন-বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158580