পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপাচার্য রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী নতুন উপাচার্য নিয়োগসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।এর আগে এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে এবং প্রশাসনিক কর্মকাণ্ড একটি স্থিতিশীল পর্যায়ে এসেছে। দায়িত্ব পালনের একটি ভালো পর্যায়ে পৌঁছানোর পর তিনি সরে দাঁড়াতে চান বলেও উল্লেখ করেন। তবে তিনি এ-ও বলেন, যেন কোনো প্রশাসনিক শূন্যতা তৈরি না হয় এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে-এ জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষ প্রয়োজন মনে করলে কিছু সময় দায়িত্বে থাকতে তিনি রাজি আছেন।
উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী মহলে নানা আলোচনা শুরু হয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158541