আজ দুপুরে অনলাইনে সভায় বসছে বিসিবি

আজ দুপুরে অনলাইনে সভায় বসছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটাঙ্গন কিছুটা কঠিন সময় পার করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়টি পুরোনো হলেও, সাম্প্রতিক সময়ে সেই বিষয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে। বিশ্বকাপ খেলতে না পারায় ক্রিকেটারদের মাঝে হতাশা রয়েছে, এমনকি দু’জন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন বলেও মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমন বেশকিছু বিষয়ে আজ (রোববার) দুপুরে সভায় বসছে বিসিবি।

কিছুদিন ধরেই বোর্ড পরিচালকদের পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা যাচ্ছে। এ ছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া সফর নিয়েও শোনা যায় নানা গুঞ্জন। এদিকে, বিসিবির টুর্নামেন্ট কমিটিতে অন্য বিভাগের এক পরিচালকের হস্তক্ষেপেরও অভিযোগ উঠেছে। এসব অস্থিরতার মাঝে বিসিবি পরিচালকদের নিয়ে সভা ডেকেছেন বুলবুল। 

বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, আজ দুপুর ১টায় জুম মিটিংয়ের মাধ্যমে পরিচালকরা সভা করবেন। বিসিবি সভাপতি বুলবুল যোগ দেবেন অস্ট্রেলিয়া থেকে। এবারের সভায় থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি এজেন্ডা। তার মধ্যে রয়েছে আসন্ন নারী বিপিএল আয়োজন বিষয়ক আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। এ ছাড়া নতুন প্রধান নির্বাচক নিয়োগ নিয়ে আলাপ হতে পারে। এর বাইরে নানা বিষয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে বিসিবি। বুলবুল সপ্তাহখানেকের ছুটিতে পরিবারের কাছে অস্ট্রেলিয়ায় গেলেও কেউ কেউ ভিন্ন সমীকরণ মেলাচ্ছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া আমিনুল হক–ও বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন। সেই নির্বাচনকে কেন্দ্র করে ঘরোয়া ক্রিকেট বর্জন করা ক্লাবগুলোও সমাধানের জন্য তাকিয়ে আছেন ক্রীড়া আমিনুলের দিকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158525