এবার ঈদেও বড় পর্দায় ফারিণ
বিনোদন ডেস্ক : গত ঈদে ‘ইনসাফ’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সে ছবিতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শরিফুল রাজ। প্রথম এই বাণিজ্যিক ছবি মোটামুটি আলোচনায় আসেন ফারিণ।
এদিকে, গত এক বছরে একটি মাত্র ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছেন এ অভিনেত্রী। তাও আবার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। গত বছরের শেষের দিকে ‘প্রিন্স’ নামের এ ছবির কাজ শুরু হয়। শ্রীলঙ্কায় এই ছবির শুটিংয়ে এরইমধ্যে অংশ নিয়েছেন ফারিণ। ‘প্রিন্স’ নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। বড় আয়োজনের এ ছবিতে থাকছে নানা চমক। তবে সেগুলো কিছুই এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আসছে ঈদের অন্যতম বড় ছবি হিসেবেই মুক্তি পেতে যাচ্ছে শাকিব-ফারিণের ‘প্রিন্স’।
এদিকে, ফারিণ টানা এ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এটি পরিপূর্ণ একটি সিনেমা। এমন গল্পের ও নির্মাণের ছবি এর আগে দেশে হয়নি। ছবির পরতে পরতে চমক রাখার চেষ্টা করা হয়েছে। ‘ইনসাফ’র পর ‘প্রিন্স’র মতো ছবিতে শাকিব খানের সঙ্গে আমার অভিষেক হচ্ছে। এটা আমার জন্যও বড় একটি পাওয়া।
ফারিণ আরও বলেন, শাকিব খান সম্পর্কে বলার কিছু নেই। তার তুলনা শুধু তিনিই। অত্যন্ত কো-অপারেটিভ তিনি। ঈদে ছবিটি দর্শকরা দারুণ উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158403