শিরোপা জয়ের মিশনে বড় হোঁচট আর্সেনালের
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের মিশনে বড়সড় হোঁচট খেল আর্সেনাল। বুধবার রাতে উলভসের মাঠে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিকেল আর্তেতার শিষ্যদের। এই ড্রয়ে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে ম্যানচেস্টার সিটিকে কাছে আসার সুযোগ করে দিল গানাররা।
মলিনেক্স স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত। মাত্র ৫ মিনিটেই বুকায়ো সাকার দর্শনীয় হেডে লিড নেয় আর্সেনাল। প্রথমার্ধে এই ১-০ ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো ইনকাপিয়ে। মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে সফরকারীরা। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় উলভস। ইনকাপিয়ের গোলের মাত্র পাঁচ মিনিট পরেই স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান বুয়েনো। আর ম্যাচের মূল নাটকীয়তা শুরু হয় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। উলভসের টম এডোজির শট বারে লেগে ফিরে আসার সময় দুর্ভাগ্যজনকভাবে আর্সেনাল ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরির গায়ে লেগে বল জালে জড়ায়। আত্মঘাতী এই গোলেই নিশ্চিত জয় হাতছাড়া হয় আর্সেনালের।
এই ড্রয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও স্বস্তিতে নেই আর্সেনাল। ২৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/158268