কুড়িগ্রামের রাজারহাটে ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তায় ৩৭৮টি সিসি ক্যামেরা স্থাপন

কুড়িগ্রামের রাজারহাটে ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তায় ৩৭৮টি সিসি ক্যামেরা স্থাপন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আর মাত্র একদিন। আগামী বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন স্বচ্ছ, জবাবদিহিতামূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ৬৩টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তায় প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে এবং বাইরে ৬টি করে সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, রাজারহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৩টি, ভোট কক্ষ ৩৩৭টি, মোট ভোটার ১ লাখ ৭২ হাজার ৬৯১ জন, এর মধ্যে পুরুষ ৮৪ হাজার ৯৮৮ এবং মহিলা ৮৭ হাজার ৭০৩ জন। উপজেলার সকল ভোটকেন্দ্র অধিক গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সিসি ক্যামেরাগুলো উপজেলা হেডকোয়াটারসহ বিভিন্ন জায়গা থেকে তাৎক্ষণিক মনিটরিং করা যাবে। যাতে ভোটগ্রহণ নিয়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি উপজেলার সকল ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্র আসার আহ্বান জানান।

তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্য রয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157247