রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথবাহিনীর বিশেষ মহড়া
রংপুর জেলা প্রতিনিধি : রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, রংপুর বিভাগের সকল জেলার সবধরণের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র্যাব ফোর্সেসসহ যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার দিব্যাপী যৌথ মহড়া বোদা মডেল পাইলট স্কুল থেকে শুরু হয়ে পাঁচপীর, সাকুয়া হয়ে দুপুরে বোদা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। মহড়ায় বোদা উপজেলা প্রশাসন, র্যাব-১৩ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
অপরদিকে ঠাকুরগাঁও-১ আসনের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলার একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। র্যাব-১৩সহ যৌথ বাহিনীর আয়োজনে নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং নাওতারা ইউনিয়ন এলাকায় যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়াটি ডিমলা থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এছাড়া রংপুর জেলার মিঠাপুকুর এলাকায় একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় মিঠাপুকুর উপজেলা প্রশাসন, র্যাব-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে র্যাব-১৩সহ যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন ঘিরে যেকোনো ধরণের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157222