পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও নগদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির প্রায় সাড়ে ৪ লাখ টাকা জব্দসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বেলা ২টার দিকে পাবনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (‘খ’-ঈশ্বরদী সার্কেল)-এর একটি দল ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত দিলপাশার ইউনিয়নের পাঁছবহর গ্রামে অভিযান চালায়।
পরিদর্শক আব্দুর রহিমের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে পাঁছবহর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. নুর আলম সাধু সরকারের বাড়ি তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ওয়ারড্রবের ভিতর থেকে ১০ কেজি পরিমাণ গাঁজা ও মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তি অনুযায়ী একই স্থান থেকে মাদক বিক্রির ৪ লাখ ৪৬ হাজার ৩শ’টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় গত শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় মাদক ব্যবসায়ী নুর আলম সাধু সরকারকে (৩৮) গ্রেফতার দেখিয়ে গত রোববার সকাল কোর্টে চালান দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আব্দুর রহিম (ইন্সপেক্টর) জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157124