ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা

ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা

 বিনোদন ডেস্ক ঃ ইউটিউবে নতুন বাংলা সিনেমা ‘চক্রব্যূহ’ নামের একটি সিনেমা প্রকাশ হয়েছে। দুই দিন আগে মুক্তি পাওয়া সিনেমাটি দেখে অনেকেই অবাক হয়েছে, কেননা এটি ‘নীলচক্র’ নামক সিনেমারই নতুন সংস্করণ। অভিনয়ে ছিলেন আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী।

সিনেমার গল্প শুরু হলে দেখা যায়, এটি আদতে ঈদে মুক্তি পাওয়া সিনেমা নীলচক্র, তবে নাম ও ভাষা পরিবর্তন করা হয়েছে। সিনেমার মূল দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫১ মিনিট হলেও শুধু নামই নয়, ভাষাও বদলে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটের গল্পে কলকাতার ভাষা ব্যবহৃত হয়েছে, কিছু দৃশ্যও সম্পাদনা করা হয়েছে এবং আলাদা করে কালার গ্রেডিং করা হয়েছে। এসব পরিবর্তনের পর সিনেমাটি ইউটিউবে প্রকাশ করা হয়।

তাহলে কি কপিরাইট বিক্রির কারণে নতুন করে মুক্তি পেয়েছে এই সিনেমা? প্রশ্নটি উঠতেই পরিচালক মিঠু খান জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। শনিবার দুপুরে পরিচালক ফোনে বলেন, ‘আমরা কপিরাইটে ইউটিউব চ্যানেলের কাছে সিনেমাটি বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা এটি ইউটিউবে ছেড়েছে, আমরা দ্রুত সেটা খুঁজে বের করে ব্যবস্থা নেব।’

পরিচালক মিঠু খান আরও জানান, সিনেমার ডিজিটাল সংস্করণ অন্য কারও কাছে থাকার কথা নয়। আমি সিনেমার কাজ কলকাতায় করিয়েছি এবং সেখানে একটি কপি রয়েছে। আমার ধারণা, সেখান থেকেই কাজের সঙ্গে যুক্ত কেউ সিনেমাটি ইউটিউবে প্রকাশ করেছে।

পরিচালক ও সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ইউটিউবে সিনেমাটি প্রকাশ হওয়ার কারণে বক্স অফিসে এর আয়ের ওপর বিরূপ প্রভাব পড়বে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157085