নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিহার হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জিহার হোসেন উপজেলার গালিমপুর পারকুঠী গ্রামের টিপু সুনতানের ছেলে এবং বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, গত শুক্রবার বেলা ১টার দিকে জিহার মোটরসাইকেল নিয়ে উপজেলার গালিমপুর মসজিদ মোড় থেকে বেপরোয়া গতিতে সাদিমারা এলাকার দিকে যাচ্ছিলো। পথে গালিমপুর হাফিজিয়া মাদ্রাসার নামফলকের পিলারের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/157073