আক্রমণ করে জামায়াতের জনপ্রিয়তাকে ধ্বংস করা যাবে না : এটিএম আজহারুল ইসলাম
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতের জনপ্রিয়তা দেখে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রার্থী ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে এবং হুমকি প্রদান করছে।
কিন্তু হুমকি-ধমকি ও আক্রমণ করে জামায়াতের জনপ্রিয়তাকে ধ্বংস করা যাবে না। তিনি বলেন, দেশে সৎ, দক্ষ ও আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ইসলামভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে শোষণ, দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে হবে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের সাহাপুর মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান কবীর।
এতে আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মো. রোস্তম আলী, সেক্রেটারি মাওলানা মেনহাজুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আশরাফ আলী প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156978