বিএনপি ক্ষমতায় এলে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হবে : মিল্টন

বিএনপি ক্ষমতায় এলে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হবে : মিল্টন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন মহিলা সমাবেশে বলেছেন, আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাহলে গাবতলী-শাজাহানপুর উপজেলাবাসীর মৌলিক চাহিদা পূরণ করা সহজ হবে। প্রতিটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

একটি উন্নত দেশ ও জাতি উপহার দেয়া হবে। তিনি আরো বলেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত অবকাঠামোর ব্যবস্থা করা হবে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সকল ধর্ম বর্ণ মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে উপজেলা মহিলা দলের আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনির সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী মোরশেদ মিল্টনের সহধর্মিনী রওশন আকতার রিপা, জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপি'র মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। আরও বক্তব্য রাখেন হেনা বেগম, দোলেনা বেগম ও সুমা আক্তার প্রমুখ।

পরে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ফাহাদ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156969