ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

২০২৪-২০২৫ সালে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করার স্বীকৃতি হিসেবে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'ইউএসএস আর্লি বার্ক'-এর ক্রু সদস্যদের সম্মানজনক 'আর্মড ফোর্সেস সার্ভিস মেডেল' প্রদান করা হয়েছে। 

জাহাজের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় অসামান্য দক্ষতা ও কার্যকর ভূমিকা পালনের জন্য এই পদক দেওয়া হলো। মার্কিন নৌবাহিনীর নীতি অনুযায়ী, যারা ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে শুরু করে ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের যুদ্ধ চলাকালীন এই রণতরীতে দায়িত্বরত ছিলেন, তারা সবাই এই পদকের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন।

১৯৯৬ সালে প্রবর্তিত এই পদকটি মূলত অ-যুদ্ধকালীন বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। তবে গত দুই বছরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার সময় আর্লি বার্ক এবং ইউএসএস কার্নিসহ বেশ কিছু মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে মূল ভূমিকা পালন করে। বিশেষ করে ২০২৪ সালের এপ্রিলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে এক বিশাল অভিযানে ৮০টিরও বেশি ড্রোন এবং অন্তত ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুন মাসেও পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা পাঁচটি ডেস্ট্রয়ারের মধ্যে আর্লি বার্ক অন্যতম ছিল, যা ইরানের বহুমুখী ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156869