পঞ্চগড়-২ আসনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

পঞ্চগড়-২ আসনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী সফিউল্লাহ সুফিকে নিয়ে বোদা উপজেলা পরিষদ চত্বরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, ১৮-বিজিবি পঞ্চগড়ের সহকারী পরিচালক জামাল উদ্দীন, মেজর আসিফ, বোদা থানা অফিসার ইনচার্জ সেলিম মালিকসহ বিএনপি, জামায়াতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

জানা যায়, এর আগে গতকাল শুক্রবার রাতে বোদা উপজেলার পাচপীর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে সমর্থকরা। পুলিশ এবং সেনাবাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে পৃথক আরেকটি ঘটনায় পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নে ধানের শীষের নির্বাচনি জনসভা শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় কালীগঞ্জ নামক স্থানে পাচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় ও বোদা সদর ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র শিশা বাবুকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী প্রার্থীসহ কর্মী সমর্থকদের উগ্রতাকে দায়ী করেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ নাগরিকদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের জন্য নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার  অনুরোধ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156856