আমাদের চাঁদার টাকা নেই বিনা টাকায় ভোট ও সেবা পেতে ভোট চাই : সারজিস আলম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, আমাদের কাছে কিন্তু চাঁদার টাকা নেই। অন্য দল টাকা দিয়ে ভোট কিনতে পারে আমরা কিন্তু টাকা দিয়ে ভোট কিনতে পারবো না।
আজকে আপনাদের এখানে বলে যাচ্ছি, আমি টাকা দিয়ে একটা ভোটও কিনতে পারবো না। আপনারা যদি মনে করেন আমাদের ভাল থাকতে হবে, এলাকার উন্নয়ন দরকার, নিরাপত্তা ও সম্মান দরকার তাহলে বিনা টাকায় ভোট দিয়ে শাপলা কলিকে জয়ী করতে হবে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামে নির্বাচনি পথসভায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আপনারা বিনাটাকায় এই পাঁচদিন আমাদের জন্য কাজ করবেন, আগামী পাঁচ বছর আপনাদের দ্বায়িত্ব আমি নেব। বিনা টাকায় ভোট, বিনা টাকায় সেবা। আপনারা যদি বিনা টাকায় ভোট দেন তাহলে বিভিন্ন কার্ডের জন্য এবং সেবা পেতে আপনাদের কোন টাকা পয়সা দিতে হবে না।
এই দেড় বছরে কেউ বলতে পারবে না আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করা হয়েছে। আমরা এই পরিবর্তনটা করার জন্যই এসেছি। আমি আমাদের জায়গা থেকে আপনাদের জন্য জান প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করব। কারো ভয়ে কারো মিষ্টি কথায় প্ররোচিত না হয়ে নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন।
সারজিস আরও বলেন, আমরা জামায়াতে ইসলামের সাথে জোট করেছি তাদের ভালো ব্যবহার দেখে। ৫ আগস্টের পরবর্তী বাংলাদেশে কে কি করেছে সবকিছু বিচার-বিশ্লেষণ করে আমরা দেখেছি, যে দলটা মানুষের পক্ষে রয়েছে, মানুষের প্রতি অন্যায় জুলুম নির্যাতন করে না আমরা তাদের বেছে নিয়েছি। বিএনপি যখন জামায়াতকে নিয়ে তিন বার জোট করেছিল তখন কোন সমস্যা ছিল না।
তিনি আরও বলেন, বিএনপি ইচ্ছে করে আমাদের সাথে ঝগড়া করতে চায়। কিন্তু আমরা সাবধানে পথ পাড়ি দিচ্ছি। আমরা সাবধানে থাকার চেষ্টা করছি। আমাদের যেদিন যেখানে প্রোগ্রাম থাকে সেদিন তারা ইচ্ছে করেই মিছিল বের করে। সবশেষে তিনি ১২ তারিখের নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156853