নারীদের হেনস্থা করলে এখন থেকে কঠিন জবাব দেওয়া হবে : গোলাম রব্বানী
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, নারীদেরকে হেনস্থা বা নারীর ওপর হামলা করলে এখন থেকে তার কঠিন জবাব দেওয়া হবে। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাধীনতা পাবে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে শাজাহানপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগ আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গোলাম রব্বানী বলেন, প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি যারা নারীদেরকে হেনস্থা করছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদেরকে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আল্লাহর আইন চালু হলে-ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কল্যাণ নিশ্চিত হবে। তিনি আরও বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে। এসব ভুয়া আশ্বাসের কোনো প্রয়োজন নেই। আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি, কারো হুমকি-ধামকিতে ভয় পাই না। যারা নারীদেরকে হেনস্থা করছে, তাদের বলবো আপনাদের ঘরেও মা-বোন আছে, এসব কাজ থেকে বিরত থাকুন।

জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার সমালোচনা করে তিনি বলেন, একটি মহল অপপ্রচার চালাচ্ছে যে, জামায়াত নাকি বেহেশতের টিকিট বিক্রি করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জামায়াত কোনো বেহেশতের টিকিট বিক্রি করে না। এসব মিথ্যা প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ, এবারের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট।
শাজাহানপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, যারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে? আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন। হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। যেখানে হুমকি দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। নারীদের ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে না।
সুমাইয়া বিনতে গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় মহিলা বিভাগের সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, বগুড়া জেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী মাসুদা করিম, জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য মাফরুহা বিউটি, সিফালী, বগুড়া জেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফিসহ শাজাহানপুর উপজেলা মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, এনসিপি’র উত্তরাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক সাকিব মাহদী, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা এনসিপি’র আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা কাওসার আলী।
সমাবেশ শেষে সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে জামায়াত মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল নির্বাচনি প্রচার মিছিল বের হয়। মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156559