‘সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান’- রবিচন্দ্র অশ্বিন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সঙ্গে দ্বিচারিতার প্রতিবাদে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারবে না ভারত।আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে রোববার পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান।
ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক দ্বৈরথগুলোর একটি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও টিকিট বিক্রি মিলিয়ে এ ম্যাচের বাণিজ্যিক মূল্য প্রায় ৫০ কোটি ডলার বলে ধারণা করা হয়। আইসিসির বিশাল অঙ্কের সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তুমুল আলোচনা।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচনা শুরু করে দিয়েছে আইসিসি। কয়েকটি ক্রিকেট বোর্ড নাকি মধ্যস্থতা করতেও রাজি।
অন্যদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশাল পরিমাণ ঘাটতি পুষিয়ে নিতে পিসিবিকে জরিমানা করা কিংবা আইসিসির রাজস্ব থেকে পিসিবির ভাগ কমিয়ে দেওয়া হতে পারে বলেও বিভিন্ন খবর আসছে সংবাদমাধ্যমে।
এর মাঝেই নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক স্পিনার অশ্বিন বলেছেন, আইসিসির অন্য সদস্যদের চাপের মুখে এবং জরিমানার কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান।
অশ্বিন বলেন, ‘ম্যাচটা (ভারত-পাকিস্তান) শতভাগই হবে। আমার মনে হয়, আগামী চার-পাঁচ দিনের মধ্যে পাকিস্তান (নিজেদের সিদ্ধান্ত থেকে) পিছু হটবে। আমিও এই ম্যাচটা দেখতে চাই।’
ভারতের সাবেক এই স্পিনার বলেন, ‘তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সম্প্রচারকদের অনেক অর্থের ক্ষতি হবে, তাই সমঝোতা হতেই হবে। (আইসিসির) সব সদস্যরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা আইসিসির সভায় বলবে যে, পাকিস্তানের কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। পিএসএলে খেলোয়াড়দের এনওসি নাও দেওয়া হতে পারে।’
প্রসঙ্গত, ভারত ও শ্রীলঙ্কায় আগামী শনিবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/156518