রংপুরে বাবাকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করল ছেলে
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বাবাকে নিজ হাতে কুপিয়ে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছে মাসুদ নামের ঘাতক ছেলে। ঘটনাটি ঘটেছে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরল মিয়া (৫০)। পারিবারিক কলহের জেরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায় ছেলে মাসুদ। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে এলাকাবাসী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত ছেলে মাসুদ নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে মাসুদকে আদালতে প্রেরণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151965